ফেনীর সোনাগাজী উপজেলার চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদরাসার ৮৭তম বার্ষিক মাহফিল শেষ হয়েছে। শনিবার তৃতীয় দিন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায় কেরাম মাহফিলে বয়ান করেন। এসময় এলাকা ও আশপাশ থেকে বিপুল মানুষ মাহফিলে অংশ নেন।

চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেনের সভাপতিত্বে বয়ান করেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাঈল, চাঁদপুরের হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিছ মাওলানা আবু নসর আশরাফী, রাজধানীর পদ্মা বেক্সিমকো টেক্সটাইল জামে মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, চৌমুহনী ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন।

শুক্রবার দ্বিতীয় দিনে প্রধান মুফাসসির ছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহেরী জাবেরী আল-মাদানী। মাদরাসা-ই আলিয়া ঢাকার সাবেক অধ্যক্ষ মাওলানা প্রফেসর নুর মোহাম্মদের সভাপতিত্বে ওয়াজ করেন বায়তুস শরীফ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ জোবায়ের আহমদ, কুরআন সুন্নাহ এন্ড রির্সাচ সেন্টার সিলেটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, বালুয়া চৌমুহনী আল-হেরা দাখিল মাদরাসার সুপার মাওলানা ফয়েজুল্লাহ। প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন।

প্রথম দিন বৃহস্পতিবার মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মিঞার সভাপতিত্বে ওয়াজ করেন ঢাকা বংশাল মুকিম বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতী রাফি বিন মুনীর, ছাগলনাইয়ার পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খোন্দকার, সেনবাগের বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।

উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ওলিয়ে কামেল আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল আউয়াল (র:) এর প্রতিষ্ঠিত এ মাদরাসায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো তিনদিন ব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়।