নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা থেকে ৮৮টি পাসপোর্টসহ দালাল চক্রের পাঁচজনকে আটক করেছে সিআইডি। রোববার বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মনির হোসেন, রাশেদ, রিফাত, জুনায়েত আহম্মেদ জনি ও আল আমিন নামে পাঁচজনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সিআইডি জানায়, সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ৮৮টি পাসপোর্ট, ৬০৫টি পাসপোর্টের ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দফতরের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল, তিনটি এনআইডি কার্ড ও ১৭টি আবেদন ফরম উদ্ধার করে সিআইডি পুলিশ।
এ বিষয়ে সিআইডি নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় পাসপোর্টসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ভুয়া সিল উদ্ধার করা হয়েছে। এই দালালচক্রের সাথে কোনো সরকারি দফতর কিংবা কর্মকর্তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্তসাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।