পাবনার সাঁথিয়ায় মহাদেব সরকার (৫২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার করমজা ইউনিয়নের বাঐটোলা গ্রামে তার বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মহাদেব সরকার করমজা ইউনিয়নের বাঐটোলা গ্রামের মৃত নেতাই সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, উপজেলার পুণ্ডুরিয়া বাজারে মহাদেব সরকারের রড-সিমেন্টের একটি দোকান রয়েছে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আক্রমণ চালায়। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তিও হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় মহাদেব সরকারের আর্তচিৎকারে তার বাড়ির লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা আরও জানান, মহাদেব সরকারই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার স্ত্রীসহ তিনটি মেয়ে রয়েছে। বড় মেয়ে মিথিলা এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ছোট দুই মেয়ে ঊর্মি ও তিথি প্রাথমিকে পড়ে। এ ঘটনায় এলাকায় ও তার পরিবারের মাঝে চলছে শোকের মাতম।
সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ঘটনাটি শোনামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রোববার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো কু আমরা পাইনি, তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।