নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় শাহ জাহান সরকার (৬৫) নামে এক সিএনজি আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চালাকচর-কটিয়াদি আঞ্চলিক সড়কের পীরপুর মোড়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত শাহজাহান উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর মোতালিবের বড় ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে শাহ জাহান সরকার নিজ বাড়ি থেকে ঔষধ কেনার জন্য চালাকচর বাজারে সিএনজি যোগে আসতেছিল। সিএনজিটি পীরপুর মোড়ে আসার পর মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। সিএনজির সামনের সিটে বসে থাকা শাহ জাহান সরকার গাছের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা খান। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয় জনগন ঘটনাস্থল থেকে আহত অবস্থায় শাহ জাহানকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাকে নরসিংদী স্থানান্তর করা হয়। নরসিংদী নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।





