ফেনীতে ইসলামী ব্যাংকের চেক প্রতারণা মামলায় আবদুল কাইয়ুম নামে সাজাপ্রাপ্ত এক ব্যবসায়ীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চৌদ্দগ্রামের পদুয়া এলাকার থ্রি স্টার ফিলিং স্টেশনের মালিক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়ী আবদুল কাইয়ুম ইসলামী ব্যাংক ফেনী শাখা থেকে সাত কোটি টাকা ঋণ নেন। যথাসময়ে পরিশোধ না করায় লভ্যাংশসহ টাকার পরিমাণ ১০ কোটি টাকায় পৌঁছে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দেয়ায় বারবার নোটিশ দিলে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর কাইয়ুম ব্যাংকে ২ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ২০০ টাকার একটি চেক প্রদান করেন। ওই একাউন্টে টাকা না থাকায় চেকটি বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ৪ অক্টোবর লিগ্যাল নোটিশ প্রদান করা হলে তিনি টাকা পরিশোধ এমনকি কোনো নোটিশের জবাব দেননি। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাদি হয়ে ফেনীর যুগ্ম-দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। গত ১২ ফেব্রুয়ারি ফেনীর যুগ্ম-দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন তাকে এক বছর কারাদণ্ড ও ৩০ দিনের মধ্যে দুই কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ২০০ টাকা পরিশোধের আদেশ দেন। টাকা পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে আবদুল কাইয়ুমকে (৫৪) গ্রেফতার করে। তিনি শহরের শান্তি কোম্পানি সড়কের দুদু মিস্ত্রির বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।