মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরার ১২০ একর জায়গায় প্রায় দুই হাজার কোটি টাকায় নির্মাণাধীন শেখ হাসিনা তাঁতপল্লীর ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ শুরু হয়েছে। গত মঙ্গলবার জেলার শিবচর উপজেলা পরিষদে ৩০ জন ক্ষতিগ্রস্তের মধ্যে ১৫ কোটি টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক শাহাদাত হোসেন মজুমদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানসহ আরো অনেকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা তাঁতপল্লীর ভিত্তিপ্রস্তর করেন। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৯১১ কোটি টাকা। প্রকল্পটির জন্য জেলার শিবচর উপজেলার কুতুবপুরে ৬০ একর ও শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ৪৮ একর জায়গা নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পে অসংখ্য ছয়তলা বিশিষ্ট ভবনে প্রত্যেক তাঁতীর জন্য ৬০০ ফুটের কারখানা ও ৮০০ ফুটের মধ্যে আবাসন সুবিধা থাকবে। সরকারের পক্ষ থেকে সুতা, রঙসহ কাঁচামালের সুবিধা দেয়া হবে। নির্মাণ হবে আন্তর্জাতিক মানের শোরুম ও প্রশিক্ষণ কেন্দ্র। তাঁতিদের ছেলেমেয়েদের জন্য থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য কমপ্লেক্স।





