বরিশালের আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পরেই পয়সারহাট সেতুর পূর্ব পাড়ে ছোট-বড় গর্তের কারণে দূরপাল্লার যান চলাচল ব্যাহত হয়ে ঘটছে অহরহ দুর্ঘটনা। এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন বেনাপোল, খুলনা, যশোর, ঢাকাসহ দূরপাল্লার অসংখ্য গাড়ি চলাচল করছে। যাত্রীবাহী পরিবহনে হাজার হাজার লোকজন প্রতিদিন চলাচল করছে।
এ ছাড়াও ভারত থেকে আসা পণ্য বোঝাই ট্রাক চলছে আঞ্চলিক মহাসড়কে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতায় নির্মিত আঞ্চলিক মহাসড়কের বরিশাল অংশের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সেতু সড়কের পূর্ব পাড়ে অ্যাপ্রোচ সড়কে ছোট-বড় গর্ত হয়ে গেছে। অতি সম্প্রতি এই মহাসড়ক নির্মাণের কাজ শেষ করেছে এএম এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। মহাসড়কটিতে গর্ত হওয়ায় রাতে যানবাহন চলাচল করতে গিয়ে সৃষ্ট গর্তে যানবাহন পড়ে ঘটছে অহরহ দুর্ঘটনা।
যাত্রী ও চালকরা জানায়, সেতু নির্মাণের পরে শুধুমাত্র বালু দিয়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টিতেই বালুর মধ্যে পানি প্রবাহের কারণে ছোট গর্তের আকার অল্প দিনেই বড় হয়ে যায়। ফলে যানবাহন চলাচলে সমস্যা দেখা দেয়।
এ ব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল জানান, ওই অ্যাপ্রোচ সড়কসহ বিভিন্ন কাজের টেন্ডার হয়েছে। ঠিকাদার শিগগিরই নির্মাণকাজ করবে। তবে কাজ শুরুর প্রথমেই অ্যাপ্রোচ সড়কের গর্তের সমাধান করা হবে।





