করোনা আক্রান্ত স্ত্রীর সাথেই হাসপাতালে থাকছেন সুস্থ স্বামীও। জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীর জন্য কিছু করে ভালোবাসার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন তিনি। নানা বাধা বা সরকারি নিয়মকে তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে আক্কেলপুরের যুবক তার করোনা আক্রান্ত স্ত্রীর সাথে জোর করেই আইসোলেশনে থাকছেন।

জানা গেছে, কয়েক দিন আগে আক্কেলপুর উপজেলার গার্মেন্ট ফেরত এক গৃহবধূর করোনা পজেটিভ শনাক্ত হয়। স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে আনতে গেলে স্ত্রীকে কিছুতেই একা ছাড়তে রাজি হননি তার স্বামী। তাই শেষ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীর সাথে আইসোলেশন সেন্টারেই থাকছেন তিনি।

বুধবার রাতে ওই মহিলাকে জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে (সেফ অতিথিশালা) রাখা হলে তার স্বামীও জোর করে সেখানেই প্রবেশ করেন। অবশেষে সেখানকার কর্তৃপক্ষও তাকে আইসোলেশনে থাকার নির্দেশ দিতে বাধ্য হয়। আইসোলেশন ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ডা: শাহীন রেজা ঘটনাটি তার নিজের ফেসবুকে শেয়ার করেছেন।

তিনি জানান, স্ত্রীর করোনা পজেটিভ থাকলেও স্বামীর নেই। অথচ স্বামী স্ত্রীর প্রতি ভালবাসা থেকে সাথে থাকতে চান। তাই বাধ্য হয়ে তারা স্বামীকে আইসোলেশনে থাকার অনুমতি দিয়েছেন, তবে আলাদা রুমে থাকছেন তারা। আর এখন পর্যন্ত তারা ভালো আছেন বলে জানিয়েছেন ডাক্তাররা।