করোনাভাইরাসের সংক্রমণ রোধে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচী চালু করেছে হিলি-হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। মাস্ক পরা ছাড়া পৌর কার্যালয়ে ও পৌর এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেয়া হচ্ছে। সোমবার সকাল থেকে এটি কার্যকর করা হয়।

পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত সকল ওয়ার্ড কাউন্সিলর ও স্টাফদের নিয়ে পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। এ সময় সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাচলার জন্য সকল নাগরিকদের তাগিদ দেয়া হয়।

হিলি-হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন জানিয়েছেন, ইতোমধ্যেই দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার বাড়ার কারণে রেড জোনের মধ্যে পড়েছে। সে তুলনায় হিলি অনেকটাই ভালো অবস্থানে রয়েছে। হিলির এই ভালো অবস্থা ধরে রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে সচেতন করা হচ্ছে।

মাস্ক ব্যবহারে জনগণকে বাধ্য করতে মাস্ক ব্যাতিরেকে কাউকে পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতেও কাজ না হলে বাধ্য হয়ে আইনের প্রয়োগ করা হবে।