কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরে একটি পাগলা শিয়াল ১৪ জন নারী পুরুষকে কামড়িয়ে আহত করেছে। গুরুতর আহত রতনা দেবনাথকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার সময় টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে কটিয়াদী পূর্বপাড়া মহল্লার রোজিনা খাতুন (৪০) হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি পাগলা শিয়াল পিছন দিক থেকে ছুটে এসে তার পায়ে কামড়িয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার সময় শিয়ালের কামড়ে আহত আরো দুই-তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে।
তখনও হাসপাতালের বাইরে রাস্তায় মানুষের হই হুল্লা চলছে। আতংকিত লোকজন এদিক সেদিক ছুটাছুটি শুরু করে। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত পাগলা শিয়ালটি হাসপাতালের সামনের রাস্তায় ১৪ জন নারী-পুরুষকে কামড়িয়ে আহত করে। একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠি সোটা নিয়ে পাগলা শিয়ালটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে।
শিয়ালের কামড়ে আহতরা হচ্ছেন, রতন মিয়া (৪৮), জুয়েল (২৫),শফিক (২২), আবুল কাসেম (৫০), মুছা (৫০), রানু (৩৫), হীরন রবি দাস (২৩), আ: রাশিদ (৭০), রফিকুল (৩০), লালন (২৯), শিবলু মিয়া (৩১), শিরিনা (৪০)। দিনের আলোতে পাগলা শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি করেছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান বলেন, কটিয়াদী পৌর সদরে পাগলা শিয়ালের কামড়ে আহত ১৪ জনকে জলাতঙ্কের ইনজেকশান দিয়ে আমাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।





