ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তিন মাদকসেবীকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে টিএসসির ক্যাফেটেরিয়া সংলগ্ন শিক্ষক লাউঞ্জের সামন থেকে তাদের আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তারা হলেনÑ দিদারুল হক টিটু, জোসেফ আহম্মেদ, তানভীর আহম্মদ। তাদের তিনজনের বাড়িই নেত্রকোণা জেলায়। দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একজন বহিরাগত।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নয়া দিগন্তকে বলেন, টিএসসিতে কয়েকজন বসে গাঁজা সেবন করছিল এমন একটি খবরে সেখানে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গিয়ে হাজির হয়। পরে তাদের গাঁজাসহ আটক করে। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাম্পাসে সেবন নিষিদ্ধ এবং মাদকসেবীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে প্রক্টর বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় মাদকাসক্তরা এটিকে নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছে। কিন্তু আমাদের প্রক্টরিয়াল টিম তাদের বিরুদ্ধে সারাক্ষণ অভিযান পরিচালনা করছে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনি ও একাডেমিক ব্যবস্থা নেয়া হবে।
আটককৃতদের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, মাদকসেবনের অভিযোগে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।