নাটোরের বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ের পর স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ছানারুল ইসলাম (৩৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে তিনি মারা যান। ছানারুল উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, এক বছর আগে দুই সন্তানের জনক ছানারুল মোবাইলে বরিশালের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ছয় মাস আগে তিনি প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী ছানারুলের বাড়িতে এলে প্রথম স্ত্রী ও সন্তানদের দেখে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ক্ষুব্ধ হন। গত ১৫ দিন আগে এ নিয়ে কলহের জেরে দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায়। এ ঘটনার পর থেকে ছানারুল মানসিকভাবে ভেঙে পড়েন।
এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় স্বজনদের অগোচরে তিনি কীটনাশক পান করেন। পরে স্বজনরা বুঝতে পেরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, মঙ্গলবার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

