ঢাকার নবাবগঞ্জ উপজলোয় দেওতলা এলাকার নির্জন বাঁশঝোপ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। ওই নারীর বয়স আনুমানিক ২৬ বছর।
নবাবগঞ্জ থানার এসআই লিয়াকত জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর নির্জন স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকায় পাঠানো হয়েছে।





