কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর বিএনপি নেতা মো: শফিকুল ইসলাম বিল্লাল (৫২) মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শফিকুল ইসলাম জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, কটিয়াদী দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি, কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি ও শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক এবং রক্তদান সমিতির পৃষ্ঠপোষক ছিলেন।
জানা যায়, গত মঙ্গলবার ভোর ৫টার দিকে মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কটয়াদী বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মারাত্বক আহত হন তিনি। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বৃহস্পতিবার বাদ আসর মরহুমের জানাজা তার নিজ বাড়ি জালালপুর ইউনিয়নের চর পুক্ষিয়া গ্রামে অনুষ্ঠিত হয়।
তার এ অকাল মৃত্যুতে কটিয়াদী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, কটিয়াদী দলিল লেখক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।





