নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম রয়েলসহ (৩১) দু'জনকে আটক করেছে পুলিশ। বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
পুলিশি সূত্রে জানা যায়, অভিযানে সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুল করিম রয়েলকে আটকের পরে তার তথ্য মতে, গভীর রাতে বেগমগঞ্জের উত্তর পশ্চিম একলাশপুরের নকু বেপারী বাড়ির কবরস্থানের বাঁশমুড়া থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও তিনটি লোহার তৈরি ছোরা উদ্ধার করা হয়।
তিনি বেগমগঞ্জের পশ্চিম একলাশপুর গ্রামের মৃত রেজাউল হক ওরফে ধনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুন, অস্ত্র ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া অপর আটককৃত আসামি হলেন, সিআর কোর্টের মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন লাবলু (৩৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





