রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে নববধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ সময় ওই নববধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াই মাস আগে উপজেলার সোনাপাড়া গ্রামের খোকা মিয়া মেম্বারের ছেলে নাসিম সোনারের সাথে মিঠাপুকুর উপজেলার ছড়ান কেশবপুর এলাকার সাহাদুল ইসলামের মেয়ে জাহিতা খাতুন শিলার বিয়ে হয়।

তিনি বলেন, শুক্রবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর থেকে শিলার স্বামী পালিয়ে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী নববধুকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল। ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার করা যাবে।

এ ব্যাপারে নববধুর বাবা সাহাদুল ইসলাম জানান, ‘আমার মেয়েকে বিয়ে দেয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে তার স্বামী নাসিম পরকীয়ায় আসক্ত। এর প্রতিবাদ করায় আমার মেয়েকে জামাই, শ্বশুর ও শাশুড়ি মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’