নওগাঁর সাপাহারে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে তাহুদা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আলাদীপুর (বাদচহেড়া) গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার আলাদীপুর (বাদচহেড়া) গ্রামের শাওনের চার বছর বয়সের মেয়ে তাহুদা রাস্তায় খেলা করছিল। এ সময় নিতপুর থেকে দিঘীরহাট অভিমুখে আসা ইটভর্তি একটি ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।