সোমবার মধ্যরাতে চাটখিল পৌরশহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর মালামালসহ পুড়ে গেছে। দোকান ঘরগুলোর মধ্যে রয়েছে সোহাগ মৎস্য আড়ত ও বরফকল এবং আবু তাহেরের মৎস্য আড়ত। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে দোকান মালিক ও ভাড়াটিয়ারা জানিয়েছেন। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোহাগ মৎস্য আড়তের মালিক আবদুল কাইয়ুম সোহাগসহ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন দোকানগুলোর পূর্ব পাশে পৌরসভার ময়লা আবর্জনার স্তূপ। কয়েক দিন পরপর আগুন লাগিয়ে ময়লা পোড়ানো হয়। ওই আগুন থেকে দোকানে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দায়ী বলে দোকান মালিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন।