নওগাঁ শহরের কেডির মোড়ে গত মঙ্গলবার পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা দায়ের করেছেন। মামলা দুটিতে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশকে মারধর করা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি করা হয়েছে।
বুধবার দুপুরে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান দু’টি মামলা করেছেন। মামলায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত এই পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে অ্যাডভোকেট এ জেড এম রফিকুল আলম (৫৩), মহাদেবপুর উপজেলার বাগানবাড়ি গ্রামের আনিসুর রহমানের ছেলে রবিউল ইসলাম বুলেট (৫০), সদর উপজেলার পার নওগাঁ পুরাতন রেস্ট্রি পাড়ার মতিউর রহমানের ছেলে আলাউদ্দিন বাবু (৫৪), ট্রাক টার্মিনাল রজাকপুর এলাকার কাশেমের ছেলে শহিদুল (৪৫), পার নওগাঁ পুরাতন রেজি: পাড়ার খোকার ছেলে মুকুল (৫০), পারবেলিয়া মৃত ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম রিন্টু (৪০), মহাদেবপুর বাগানবাড়ি এলাকার মৃত খয়বর আলী মন্ডলের ছেলে আলহাজ্ব আব্দুল মতিন (৪৭), একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (৪৮), মৃত কাজী আহমদ আলীর ছেলে কাজী আবদুস সোবাহান (৪০), মহাদেবপুর থানার বাজিতপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে চঞ্চল রহমান (৩৫), মৃত মোজাহারুল হকের ছেলে এস এম আবদুল মান্নান (৩২), থানার পাড়ার হায়দার আলীর ছেলে ফেরদৌস আলম (৪০), সাহিল এলাকার এমাজ উদ্দীনের ছেলে ইখতিয়ার উদ্দিন (৩৮) এবং নওগাঁ শহরের কেডির মোড় এলাকার ইয়ার আলীর ছেলে আব্দুল বারী (৪২)।
গ্রেফতার ব্যক্তিদের বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।





