রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে বসতবাড়ির চারপাশে ইট-কাটার বেড়ায় অবরুদ্ধ একটি পরিবার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার দুপুরে অভিযোগটি করেন ভুক্তভোগী মো: মঞ্জুরুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, সাত বছর বয়স থেকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আমার খালু মৃত ফিকির খান ও তার স্ত্রী (খালা) করিমন বিবি আমাকে মানুষ করেছেন। আমি ওই বাড়িতে ছোট সময় থেকেই বসবাস করে আসছি। মৃত্যুর আগে খালু ফিকির খান তার সম্পত্তি আমার নামে লিখে দিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলাম খান, রহমান খান, রনি খান মিলে আমাকে ভিটে ছাড়া করতে মামলা দিয়ে হয়রানি করছেন। তারা আমার বাড়ির চারপাশে কাটা তার, বাঁশ ও ইটের বেড়া দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করেছেন। তাদের দেয়া বেড়ার কারণে আমি ছেলে-মেয়েদের নিয়ে চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছি। আমার পরিবারটিকে তারা বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে।

অভিযোগে তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে আমার খালা করিমন নেছা (৯০) বাড়ি থেকে বের হতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এ সময় তাকে লাঞ্ছিত করেছেন। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এমতাবস্থায় আমি পরিবার নিয়ে যাতে সুন্দর ভাবে বসবাস করতে পারি এ জন্য আমার যাতায়াতের পথ থেকে ইট-কাটাতারের বেড়া সরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।