বগুড়ার কাহালুতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের রহমান মামুন (৩৮) নামের এক মাদরাসা শিক্ষক নিহত নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে জেলার কাহালু উপজেলার পোড়াপাড়া নামক স্থানে দুর্ঘটনায় নিহত মামুন দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে এবং দুপচাঁচিয়া ডিএস কেজি মাদরাসার শিক্ষক।

কাহালু থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত জুবায়ের হাসান মামুন মোটরসাইকেল যোগে বগুড়া শহর থেকে দুপাচাঁচিয়া যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পোড়াপাড়া নামক স্থানে একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভর মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা কাহালু থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

অপর মোটরসাইকেলের দুই যাত্রী শফিউল আলম ও তার স্ত্রী শিরিন সুলতানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।