ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বাবুল (৫০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাবুল জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি চুরি ও প্রতারণার দু’টি মামলায় পাঁচ বছর করে সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালের ২৭ নভেম্বর থেকে কারাভোগ করছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম জানান, সন্ধ্যায় উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ করে কারাগারে অচেতন হয়ে পড়েন বাবুল। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লায় নেয়ার পথে মারা যান বাবুল।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো: ইকবাল হোসেন জানান, বাবুল আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে কুমিল্লা নেয়ার পথে তিনি মারা যান।








