কুড়িগ্রামে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটি তৃতীয় দফায় আবারো বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি করেছে। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভায় আক্রান্তের হার ৬০ ভাগের মতো। ফলে পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে চলতি মাসের ৩০ জুন পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধের সময়কাল বৃদ্ধি করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, কুড়িগ্রামে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ১৭ জুন তারিখে জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাণঘাতী নোবেল করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ রোধ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)৩) ধারা মোতাবেক পৌর এলাকায় ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ বৃদ্ধি করা হলো।
এর আগে কুড়িগ্রাম জেলা করোনা প্রতিরোধ কমিটি গত ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত প্রথমবারের মতো কুড়িগ্রাম পৌরসভা এলাকার ২, ৩, ও ৭ নম্বর ওয়ার্ডে অধিক রোগী করোনায় আক্রান্ত হওয়ার ফলে বিশেষ বিধিনিষেধ আরোপ করে। এরপর ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এক সপ্তাহের জন্য দ্বিতীয় দফায় কুড়িগ্রাম পৌরসভার গোটা এলাকাকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়।