বিয়ানীবাজার উপজেলার আলীনগরে তিন দিন আগে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী চলা রক্তক্ষয়ী এ সংঘর্ষে পুলিশ কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পূর্ববিরোধের জেরে দুইপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আশাপাশ এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ পাঁচ রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে।
সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ উভয়পক্ষের অর্ধশত গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০/১২ জনকে সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, তিন দিন আগে আলীনগর গ্রামের অটোরিকশা চালক নজর আলীর সাথে টিকরপাড়া এলাকার যুবক সাদিকসহ কয়েকজন প্রথমে বাগি¦তণ্ডায় জড়ায়। একপর্যায়ে যুবকরা অটোরিকশা চালককে মারধর করে। বিষয়টি আলীনগর এলাকাবাসী জানার পর গ্রামজুড়ে উত্তেজনা শুরু হয়। গত বৃহস্পতিবারে ঘটনার জেরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী।
সিলেটের অতিরিক্ত পুলিশ (সার্কেল) জাকির হোসেন জানান, গ্রামবাসীর ছোড়া ঢিল থেকে পুলিশের তিন-চারজন সদস্য সামান্য আহত হয়েছেন। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।