গাইবান্ধার গোবিন্দগঞ্জে মা-বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার বিকেলে উপজেলার পাড়াকচুয়া গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের ময়েন উদ্দিনের মেয়ে শাহানা (১৪)।
এলাকাবাসী জানায়, শাহানা কয়েক দিন আগে তার বাবার কাছে একটা সোনার চেইন কিনে দিতে বলেন। কিন্তু তার বাবা তাকে সোনার চেইন না দেয়ায় তিনি ক্ষুদ্ধ হয়ে উঠেন। রোববার দুপুরে শাহানা ঘুমাতে যাওয়ায় তার মা তাকে বকা দেন। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শাহানা আত্মহত্যা করেন।
পরে বিকেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।





