প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা কৃষি ব্যাংক প্রধান শাখার দ্বিতীয় মুখ্য কর্মকর্তা মো: নাজমুল হককে আটক করেছে সদর থানা পুলিশ। নাজমুল হক ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্যপাড়ার নজরুল ইসলামের ছেলে।
মামলার বাদি পক্ষের আইনজীবী মো: শফিকুল ইসলাম জানান, নাজমুল হককে মঙ্গলবার দুপুরে বিচারক বুলবুল আহমেদের আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একই সাথে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ৩১ আগস্ট জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগ এনে মামলা করেন ব্যাংক কর্তৃপক্ষ।
মামলার এজাহারে জানা যায়, বিভিন্ন শাখায় চাকরিকালে নিজ নামে অ্যাকাউন্ট খুলে সুবিধামতো সময়ে নাজমুল হক বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। তাৎক্ষণিক অনুসন্ধানে মাগুরা ও ঝিনাইদহ শাখা হতে পর্যায়ক্রমে সে এক কোটি ২৩ লাখ ৭০ হাজার ৯৫৯ টাকা আত্মসাৎ করেছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে।
মাগুরা শাখার ব্যবস্থাপক মো: রেজাউল হক জানান, মাগুরা প্রধান শাখায় তিনি কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে তিনি তার নিজ নামীয় অ্যাকাউন্টে ৩৭ লাখ ৮৩ হাজার ৭৩৪ টাকা আত্মসাতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সোমবার রাতে অভিযুক্ত নাজমুল হককে সদর থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ কৃষিব্যাংক শাখা ব্যবস্থাপক মো: রুবায়েৎ হাসান জানান, অভিযুক্ত নাজমুল হক ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ঝিনাইদহ শাখায় একই পদে কর্মরত থাকাকালে বিভিন্ন সময়ে তার নিজ নামীয় অ্যাকাউন্টে ৮৫ লাখ ৮৭ হাজার ২২৫ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তদন্ত টিম রওনা হয়েছে। অভিযুক্ত নাজমুল হকের সব কর্মস্থলে অনুসন্ধান না করলে প্রকৃতভাবে কত টাকা আত্মসাৎ হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীন জানান, যেহেতু সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে তাই দুদকের পরামর্শে অভিযুক্ত নাজমুল হককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরায় কৃষি ব্যাংক কর্মকর্তা আটক
প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা কৃষি ব্যাংক প্রধান শাখার দ্বিতীয় মুখ্য কর্মকর্তা মো: নাজমুল হককে আটক করেছে সদর থানা পুলিশ। নাজমুল হক ঝিনাইদহ...





