চট্টগ্রামের ফটিকছড়িতে একই সময়ে আওয়ামী লীগের একটি অংশ ও ছাত্রলীগের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফটিকছড়ি কলেজ ও বাসস্ট্যান্ড এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ফটিকছড়ি কলেজ অডিটোরিয়ামে একই ভেন্যু ও একই সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দু’টি সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফটিকছড়ি কলেজ ও বাসস্ট্যান্ডের আশেপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন। এ সময়টাতে সকল প্রকার সভা, মিছিল-মিটিং, সমাবেশ ও দু’জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হলো।