গাজীপুরে ট্রেনের ধাক্কায় আহত এক কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন। আনুমানিক ২০/২১ বছর বয়সের নিহত ওই কিশোরের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের জিআরপি ফাঁড়ির এস আই মো: শহীদুল্লাহ জানান, ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সদর থানাধীন ধীরাশ্রম স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী তুরাগ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই কিশোর। স্থানীয়রা তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় শনাক্ত হয়নি। তার পরনে কালো রংয়ের প্যান্ট রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।