নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে বসুরহাটের ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তালা দেয়ার অভিযোগ উঠেছে আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে।
রোববার বিকেল ৫টার দিকে আবদুল কাদের মির্জার নেতৃত্বে ফেন্সী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর বাসায় লোকজন এলে ফেন্সী হোটেল থেকে খাবার কিনে নেয়া হয়। প্রতিপক্ষের নেতার বাসায় খাবার বিক্রি ও সরবরাহের অভিযোগ তুলে এ রেস্তোরাঁয় তালা মেরে দেয়া হয়। তালা দেয়ার পর থেকে হোটেলের ম্যানেজারসহ অন্যান্য কর্মচারীরা হোটেলের সামনে অবস্থান করছে।
এ ঘটনায় ভুক্তভোগীর লাখ টাকার ক্ষতি হবে বলে জানান হোটেল মালিক।
ফেন্সী হোটেল অ্যন্ড রেস্টুরেন্টের মালিক সুরুজ মিয়া জানান, আমাদের এখান থেকে কে খানা নেয়? খানা কোথায় যায়? আমরা কোন খানে খানা দেই? এগুলো নিয়ে বিকেল ৫টার দিকে গালাগালি করে হোটেল বন্ধ করে চলে যান কাদের মির্জা।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, আমরা কখনো এ হোটেল থেকে খাবার ক্রয় করি না।
এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ব্যক্তিগত মুঠোফোনে সন্ধ্যা ৭টা ৮মিনিটের দিকে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে জানান, মেয়র এখন কথা বলতে পারবেন না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, তার কাছে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে মন্তব্য করেন।








