নোয়াখালীর কবিরহাটে বড় বোনের বিয়ের বাজার করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাই জহিরুল ইসলাম সোহাগের (২৪) মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাজীর খেয়া থেকে লেঙ্গার দোকানের মধ্যবর্তীস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম সোহাগ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ফখরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সোহাগের বড় বোনের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পর দিন বিয়ে। বোনের বিয়ের বাজার করার জন্য মোটরসাইকেলে জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় জহিরুল ইসলাম।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।