রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে এক স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে ঘটনাটি ঘটে।

ওই ছাত্রের নাম রিয়াজ মোল্যা (১৫)। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্যার ছেলে ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী জানিয়েছেন, বিকট শব্দ শুনে আমরা লিটন মোল্যার বাড়িতে গিয়ে দেখতে পাই তার ছেলে রিয়াজ মোল্যার হাত ঝলসে গেছে। পা দিয়ে রক্ত ঝরছে। তিনি ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়ে আহত হন। এ সময় তার বাড়ির টিনের চালও ছিদ্র হয়ে গেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুরাদুল ইসলামের স্ত্রী কাকলী বেগম বলেন, আমরা শব্দ শুনে দ্রুত ওই বাড়িতে যাই। তার হাত ঝলসে গেছে ও পা দিয়ে রক্ত ঝরছিল। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইউটিউব দেখে ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাচ্ছিলেন।

বহরপুর ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, শুনেছি ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল। এতে বিস্ফোরণ হয়ে স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসেন।

এ ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়ে স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। তাকে ফরিদপুর হাসপাতালে নেয়া হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।