আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ৩০ লাখ শহীদের বিনিময় এদেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করছেন। এ দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী, সমৃদ্ধশালী হিসেবে গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারীতে বিশ্বের অর্থনীতি চাকা অচল হওয়ার পথে থাকলেও বাংলাদেশের মানুষের ওপর এর প্রভাব পড়তে দেননি শেখ হাসিনা। করোনা মহামারীতেও এদেশের মানুষ না খেয়ে মারা যায়নি।
বুধবার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমানের আর্থিক সহযোগিতায় মেনিফল্ড সিস্টেম অক্সিজেন প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আরো বলেন, বিশ্বের উন্নত দেশে করোনা টিকা সঙ্কট থাকলেও বাংলাদেশের এ টিকার সঙ্কট নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য টিকা নিশ্চিত করতে পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রেখেছেন।
এ সময় উপস্থিত সবাইকে করোনা বা কোভিড-১৯-এর টিকা গ্রহণের জন্য আহ্বান জানান সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ।
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে অনিষ্ঠত সভা পরিচালনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শাহিনুর ইসলাম শাহীন। বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দীন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দন মন্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: গোলাম কবির প্রমুখ।





