গাজীপুরের কালিয়াকৈরে ৫০ হাজার টাকা যৌতুক না দেয়ায় স্বামীর অত্যাচারে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে। বৃহষ্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউ্দ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সাদিয়া আক্তার (২০) কালিয়াকৈর উপজেলার রশিদপুর বড়চালা এলাকার মৃত শামীম হোসেনের মেয়ে এবং একই এলাকার শাহ আলম সরকারের ছেলে শিমুল সরকারের স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, দু’বছর আগে সাদিয়া ও শিমুল সরকারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দেয়া হতো স্বামীর পক্ষ থেকে। এক মাস আগে মোটর সাইকেল কেনার জন্য ৫০ হাজার দাবি করে শিমুল। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দু’দিন বেধরক মারধর করে। সাদিয়ার পরিবারের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় মীমাংসা করে দেয়া হয়। রাতে তাকে নির্যাতন করে হত্যা করে ঘরের মেঝেতে ফেলে রাখে তার স্বামী। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীর বাড়ির পক্ষ থেকে বলা হয়েছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।