গাজীপুর মহানগরীর গাছা থানায় ভাসমান অবস্থায় ফজলে রাব্বি (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই এলাকার খাইলকুর মৈত্রী কল্যাণ ভালকারটেক খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফজলে রাব্বি স্থানীয় কলমেশ্বর এলাকার মো: কিরণ মিয়ার ছেলে।

ফজলে রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার মা রোজিনা বেগম জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টায় ইফতি, শামীম, নাহিদ রেজা, হিমেল ও পলাশ তাকে বাসা থেকে ডেকে নেন। এর পর সে আর বাসায় ফিরেনি। শুক্রবার সকালে জানতে পারি ফজলে রাব্বির লাশ খালের পানিতে ভাসছে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউাদ্দন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মা যাদের সন্দেহ করছেন ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। আমরা তদন্ত করে দেখছি মাদকের কোনো বিষয় আছে কিনা এবং একটি বাইক কেনা-বেচা নিয়েও একটা সমস্যা আছে তাও দেখা হচ্ছে।