গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া ৩ মাস বয়সী সেই শিশুটিকে তিন দিন পর তার বাবা মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
এর আগে গত বুধবার সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক নারী টয়লেটে যাওয়ার কথা বলে ৩ মাস বয়সী শিশুকে দেলোয়ারা নামে মধ্যবয়সী এক নারীর কাছে রেখে চলে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুর মা ফিরে না আসায় দেলোয়ারা শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন। ৩ দিন হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির দেখভাল করেন।
শুক্রবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলার সাতখামাইর এলাকার কাজীপাড়া গ্রামের বিল্লাল হোসেন ও স্ত্রী সুরমা আক্তার দম্পত্তির কাছে তাদের সন্তানকে বুঝিয়ে দেন।
সন্তান বুঝে পেয়ে বিল্লাল হোসেন বলেন, নিজের সন্তানের সাথে এ পর্যন্ত যা হয়েছে তা অমানবিক। সিনেমার কাহিনীকেও হার মানায়। আমি বাবা হিসেবে লজ্জিত। আমার স্ত্রী একটি মামলায় কাশিমপুর কারাগারে ছিল। সেখানেই সন্তানের জন্ম হয়। তার মানসিক সমস্যার কারণেই মূলত হাসপাতালে শিশু সন্তানকে রেখে চলে আসে। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই। এখনো সন্তানের নাম রাখতে পারিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রনয় ভূষন দাস বলেন, ৩ দিন যাচাই-বাছাই করে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বিল্লাল হোসেন ও সুরমা আক্তার দম্পত্তির কাছে তাদের সন্তানকে সুস্থ্য অবস্থায় বুঝিয়ে দেয়া হয়েছে।





