নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের ভোটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন পাঁচটিতে। এছাড়া একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং দুটি ইউনিয়নে বিএনপি’র (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার রাতে বেসরকারি ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খট্রেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে চন্দনা সারমিন রুমকি (নৌকা) ১১ হাজার ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র (স্বতন্ত্র) প্রার্থী ফরহাদ হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ১ হাজার ১৪ ভোট। কাশিমপুর ইউনিয়নে বিএনপি’র (স্বতন্ত্র) প্রার্থী মকলেছুর রহমান বাবু (আনারস) ৪ হাজার ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম আলমগীর হোসেন (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। গোনা ইউনিয়নে আব্দুল খালেক (নৌকা) ৩ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট। পারইল ইউনিয়নে বিএনপি’র (স্বতন্ত্র) জাহিদুর রহমান (ঘোড়া) ৪ হাজার ৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম নুরে আলম সিদ্দিকী দুলাল (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৫০৩ ভোট। বড়গাছা ইউনিয়নে আব্দুল মতিন মাস্টা (নৌকা) ৭ হাজার ৮০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মহসিন মল্লিক (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ২৫৭ ভোট। কালীগ্রাম ইউনিয়নে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল ওহাব চাঁন (ঘোড়া) ৮ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম সুবাস চন্দ্র সরকার বাবলু (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। একডালা ইউনিয়নে শাহজাহান আলী (নৌকা) ৮ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রুহুল আমিন (মোটরসাইকেল) পেয়েছেন ৫ হাজার ২৩০ ভোট ও মিরাট ইউনিয়নে জিয়াউর রহমান (নৌকা) ৫ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ফখরুল (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৩৬৭ ভোট।
সংশ্লিষ্টরা জানান, আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত আসনে ৮৮ জন এবং সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।





