মোংলা বন্দরের পশুর নদের হারবাড়িয়া এলাকায় একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের নিখোঁজ দু’কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় ডুবে যাওয়া বাল্কহেডের ভিতর থেকে সুকানী মহিউদ্দিন ও গ্রিজার নুর ইসলামের লাশ উদ্ধার করা হয়।

বাল্কহেড মালিক কর্তৃক নিয়োজিত স্যালভেজ প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। বাল্কহেডটির সাটার মালিক মো: মানিক জানান, সুকানী মহিউদ্দিনের ছেলে বাল্কহেড কর্মচারী রবিউল এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে সোমবার বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া ৯ নম্বরে অবস্থানরত বিদেশী জাহাজ এমভি এলিনা বি -১ থেকে কয়লা বোঝাই করে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ফারদিন-১ নামক বাল্কহেডটি। বিপরীত দিক থেকে বন্দর ত্যাগ করার সময় বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি হ্যান্ডপার্কে সাথে ধাক্কা লেগে ওই বাল্কহেডটি ডুবে যায়।

তখন বাল্কহেডে থাকা পাঁচ কর্মচারী ছিটকে নদীতে পড়ে যান। এ সময় সাতার কেটে  উঠ আসতে সক্ষম হয় রিয়াজ ও রায়হান। নিখোঁজ হন সুকানী, গ্রিজার ও এক কর্মচারী।