কিশোরগঞ্জের ভৈরবে একটি খুনের মামলার প্রধান আসামি সাদেকপুর ইউপির বর্তমান চেয়ারম্যান সাফায়েত উল্লাহ (৪৮)। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া আরো একটি খুনের মামলার আসামি তিনি। আসন্ন ইউপি নির্বাচনে এবারো তিনি আওয়ামী লীগের মনোনয়নে নৌকা মার্কা পেয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। গত ২৫ নভেম্বর তিনি চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৬ ডিসেম্বর ভৈরবে ইউপি নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের পর এলাকায় প্রচারণাও চালিয়ে যাচ্ছেন সাফায়েত। পুলিশ বলছে, তার গ্রেফতারি পরোয়ানা থানায় আসেনি।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে ও বর্তমান ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহর বিরুদ্ধে দু’টি খুনের মামলা রয়েছে। তার মধ্যে সাদেকপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক হত্যা মামলায় তিনি এক নম্বর আসামি। ওই মামলায় গত ২৯ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত।
নিহত মানিক ভূঁইয়ার ছেলে ও মামলার বাদি সুজন মিয়া বলেন, আমার বাবাকে আসামিরা খুন করেছে। মামলার প্রধান আসামি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ। খুনের মামলার প্রধান আসামিকে কেমন করে নৌকা মার্কা দেয়া হলো তা আমার কাছে বোধগম্য নয়। এখন আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়েছে; কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছে না। তিনি প্রকাশ্যে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা জানান, কোনো প্রার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলে নির্বাচনে প্রার্থিতায় কোনো বাধা নেই। জেলে থেকেও অনেকে নির্বাচন করেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না।
চেয়ারম্যান প্রার্থী সাফায়েত উল্লাহ এ বিষয়ে বলেন, দু’টি খুনের মামলায় আমাকে মিথ্যা আসামি করা হয়েছে। একটি মামলায় আমি জামিনে আছি। অপর একটি মামলায় আমি নির্বাচনে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারিনি। এ কারণে ওয়ারেন্ট হয়েছে। নির্বাচনের পর আমি আদালতে গিয়ে হাজিরা দিয়ে জামিন নেবো।
ভৈরব থানার নতুন যোগদানকৃত ওসি গোলাম মোস্তফা বলেন, সাফায়েত উল্লাহর গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমি অবগত নই। আমি থানায় যোগদান করেছি মাত্র সপ্তাহ হলো। এ বিষয়ে আমি খোঁজ নেবো। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা থানায় পৌঁছতে কিছু প্রক্রিয়া আছে, এতে কয়েক দিন সময় লাগে। থানায় যদি পরোয়ানা এসে থাকে তবে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।





