ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে মেহেদি (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরমান (১৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি ঠাকুরগাঁও সদরের রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনেহারি গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আহত আরমান ঠাকুরগাঁও শহরের পরিষদ পাড়ার জুয়েল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলেদের চিল্লাফাল্লা শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। পরে দুই জনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন মেহেদিকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।
আহত আরমানের বাবা জুয়েল ইসলাম বলেন, আমি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। হঠাৎ ছেলে আমাকে কল দিয়ে আহত হবার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: ছাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।





