গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রংমিস্ত্রী মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
শনিবার মাওনা চৌরাস্তার এ কে মেমোরিয়াল হাসপাতালের পাশের নিজাম উদ্দিনের বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম দুলাল মিয়া (৪২)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার এসআই রিপন আলী খান, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে ওই ভবনের তিনতলার বাইরের অংশে রং করছিলেন দুলাল মিয়া। ভবনের দেড় থেকে দুই ফুট দূরত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার রয়েছে। কাজ করার সময় অসাবধানতার কারণে তার মাথা ওই বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর লাশ ঝুলতে থাকে।
খবর পেয়ে পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা ঝুলে থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রশি দিয়ে বেঁধে নিহতের লাশ নামিয়ে এনে পুলিশের কাছে হস্তান্তর করে।





