নোয়াখালীর সদর উপজেলায় নতুন বিমানবন্দর স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পরিদর্শন করেছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।
শুক্রবার সকালে ওই এয়ারস্ট্রিপটি পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে সরকারের উদ্যোগের অংশ হিসেবে সেটি পরিদর্শনে যান তিনি।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামে ১৬ একর ভূমির ওপর এটি একটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ যাকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।
স্থানটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও বিমানবন্দরের স্থানটি পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আবারো এলাম। বিমানখাতে ইতোমধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো: জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রমুখ।





