পাইকগাছার কয়রার শিবসা নদীর মারকীরখাল এলাকা থেকে ৩ হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে ২ বস্তা হরিণ ধরার ফাঁদ, নৌকা ও হরিণ ধরার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

রোববার সকালে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হরিণ শিকারীরা হলো, উপজেলার ফকিরাবাদ গ্রামের মিজানুর রহমান (৪৫), মইদুল সরদার (৪২) ও রহিম গাজী (৩৫)।

আটকের পর সকলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানায়, রোববার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ও নলিয়ান স্টেশন কর্মকর্তা মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল কয়রার মারকীরখাল এলাকায় অভিযান পরিচালনা করে ওই হরিণ ধরার ফাঁদ, নৌকা ও অন্যান্য সরঞ্জামসহ পাইকগাছার তিন চোরা শিকারীদের আটক করেছে।

এ ব্যাপারে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, হরিণ শিকারের বিভিন্ন মালামালসহ পাইকগাছার তিন চোরা শিকারীকে কয়রা এলাকা থেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধনের অপরাধে মামলা হয়েছে বলেও জানান তিনি।