কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় কাটাবন্দুক (এলজি) ও ৮ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আটককৃত ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদিউল আলমের ছেলে। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে যায়। শনিবার (২৯ জানুয়ারি) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।
পালিয়ে যাওয়া সহযোগী একই এলাকার আহমদ শফি প্রকাশ মনুর ছেলে আবুল শামা (২৬)। জয়নাল ও আবুল শামা সম্পর্কে চাচাতো-জেঠা তো ভাই।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জয়নালকে আটক করা হয়। তবে কৌশলে আবুল শামা পালিয়ে যায়।
পরে জয়নালের দেহ ও তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক জয়নালকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।





