নরসিংদীর পলাশে যৌতুকের দেড় লাখ টাকা দিতে না পেরে শ্বশুরবাড়িতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ শিলা আক্তার (২১)। যৌতুকের টাকার জন্য দু’দিন ধরে ঘরে আটকে রেখে ওই গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী সিহাব মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে অচেতন অবস্থায় তাকে পরিবারের লোকজন স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৃহবধূ শিলার শরীরে নির্যাতনের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। শিলা উপজেলার মালিতা গ্রামের শের মোহাম্মদ ভূঁইয়ার ছেলে সিহাব মিয়ার স্ত্রী এবং একই উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের কৃষক ওসমান আলীর মেয়ে। আড়াই বছর আগে সিহাব মিয়ার সাথে তার বিয়ে হয়। তাদের রয়েছে একটি শিশু সন্তান।
নির্যাতিত শিলার বাবা ওসমান আলী জানান, বিয়ের পর থেকে কারণে অকারণে তার মেয়েকে মারধর করে স্বামী সিহাব মিয়া। সে তার কাছে প্রায়ই যৌতুকের টাকা চায়। তিনি বলেন, দরিদ্র মানুষ যা পারি, তাই দিয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। চাহিদামতো যৌতুকের টাকা না পেয়ে সিহাব মিয়া শিলার ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।
এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, গৃহবধূ নির্যাতনের কোনো অভিযোগ এখনো পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।