নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরের সড়কের পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী চৌরাস্তার পাশের ঝোঁপের ভিতর থেকে ১টি পাইপগান উদ্ধার করে পুলিশ।

অপরদিকে একই দিন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার সাত্তারের দোকান সংলগ্ন রাস্তার পাশ থেকে ৭ পিস ককটেল উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ঘটানোর জন্য এ আগ্নেয়াস্ত্র ও ককটেল মওজুদ করে রেখেছে সন্ত্রাসীরা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম একই দিন রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র ও ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।