গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় ওয়াল্ডলাইফ সুপারভাইজার (বন্যপ্রাণী সুপারভাইজার) সারোয়ার হোসেনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে বদলীর পর তাকেও সরানো হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর এ তথ্য জানান। সারোয়ার হোসেন পার্ক প্রতিষ্ঠার পর থেকে কোর সাফারির আফ্রিকান সাফারিতে থাকা প্রাণীরগুলোর দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন। সারোয়ারের স্থলে কোর সাফারির প্রাণীদের দেখভালের দায়িত্ব পালন করবেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোহাম্মদ হেলিম রায়হান।
পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম জানান, সারোয়ার হোসেনকে তার পদ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এটা সরকারি চাকরির স্বাভাবিক বদলীর একটি অংশ হিসেবেই তাকে সরানো হয়েছে।
প্রসঙ্গত, গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রতিষ্ঠার পর চলতি বছরই সবচেয়ে বেশী প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ২৭ দিনের ব্যবধানে এ পার্কে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহী মারা যায়। জেব্রা ও বাঘের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তকরণের লক্ষ্যে গঠন করা হয় মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পার্ক ব্যবস্থাপনার নানা বিষয়ে আনা হয় পরিবর্তন।
মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সরিয়ে নেয়া হয় পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসককে। এর মধ্যে গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন ডা: হাতেম সাজ্জাদ মো: জুলকারনাইনকে বন অধিদফতরের সদর দফতরে সংযুক্ত করা হয়।
তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম ও ডা: হাতেম সাজ্জাদ মো: জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন ডা: মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়। তারা গাজীপুরের নতুন কর্মস্থলে ২ জানুয়ারি যোগদান করেন।
এদিকে গত ২ ফেব্রুয়ারি পার্কের প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে জাহিদুল কবিরকেও সরিয়ে দেয়া হয়। তার স্থলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা-এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্লা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পার্কের প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। ৩ ফেব্রুয়ারি মোল্লা রেজাউল করিম পার্কের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
সর্বশেষ পার্কের বন্যপ্রাণী সুপারভাইজার সারোয়ার হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হলো।





