গাজীপুরে কারখানার ওয়াশিং মেশিনে মাফলার জড়িয়ে মাহমুদুল হাসান (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর গাছা থানাধীন শরীফপুর এলাকার নূর ওয়াশ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান স্থানীয় শরীফপুর এলাকার শরীফ হোসেনের ছেলে।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, নূর ওয়াশ কারখানায় শ্রমিকের কাজ করতেন মাহমুদুল হাসান। শনিবার সকালের দিকে ওয়াশের জন্য কারখানার চলন্ত ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছিলেন তিনি। এ সময় তার গলায় থাকা মাফলার মেশিনে জড়িয়ে গেলে তার মাথা ও হাতসহ শরীরের অর্ধেক অংশ মেশিনের ভেতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে সহকর্মীরা মেশিন বন্ধ করে ভেতর থেকে মাহমুদুলের লাশ উদ্ধার করেন।

জিএমপি’র গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ওয়াশিং কারখানার মেশিনে জড়িয়ে শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়, তবে নিহতের লাশ পাওয়া যায় নি। পুলিশকে না জানিয়ে কারখানা কর্তৃপক্ষ ঘটনার পরপরই নিহতের লাশ গোপনে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।