রাজবাড়ীর কালুখালীতে ট্রেনের ধাক্কায় দুই বছর দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর পুরাতন গুমটি (ডিপকল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম ইয়াসিন। সে কালিকাপুর গ্রামের হাবিল ফকিরের ছেলে।

হাবিল ফকিরের এর আগে আরো তিনটি সন্তান হয়। তারাও তিন থেকে ছয় মাসের মধ্যে বিভিন্ন রোগে মারা যায়। মঙ্গলবার ইয়াসিন নিহত হওয়ায় তার চতুর্থ সন্তানটিও মারা গেল।

এ ব্যাপারে কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ইকবাল বিশ্বাস জানান, বিকেলে শিশুটির মা রেলাইনের পাশে ছাগলের ঘাস তোলার জন্য মাঠে যান। এই সময় ছেলেটি তার মাকে কাছে যেতে চায়। এরমধ্যে যখন সে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ একটি ট্রেন আসে। পরে ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় শিশুটি এবং সেখানেই নিহত হয় সে। তার মৃত্যুতে তার মা-বাবা যেন নির্বাক।