নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদ পেতে এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।
তার আগে সন্ধ্যা ৬টায় বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
জেলা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেকান্দার সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে মো: জুয়েল (২২)। তিনি বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মনপুরায় অবস্থিত আপন আর্থ সামাজিক উন্নয়ন সংস্থাতে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত আছেন। ভুক্তভোগী এইচএসসি পড়ুয়া কলেজছাত্রী ও আসামির ছোট বোন শাহিনুর একই ক্লাসে পড়াশোনা করেন। পড়াশোনার সুবাদে আসামির বোন ভিকটিমের বাড়িতে প্রায় সময় আসা-যাওয়া করতেন। শাহিনুরের মাধ্যমে ভিকটিমের সাথে আসামির পরিচয় হয়। একপর্যায়ে ওই কলেজ ছাত্রীর সাথে ভূয়া প্রেমের সম্পর্ক স্থাপন করে তার অশ্লীল ভিডিও ধারণ করেন জুয়েল। এরপর ভিকটিমকে তার সাথে দৈহিক সম্পর্ক চালিয়ে না গেলে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন। গত দুই বছর যাবত এ সম্পর্ক চলছিল। নিরূপায় হয়ে ভিকটিম আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুয়েল গ্রেফতার এড়াতে তার কর্মস্থলের ঠিকানা গোপন রেখে বিভিন্ন স্থানে রাত্রী যাপন করতেন। তিনি একজন অভ্যাসগত যৌন অপরাধী। পর্নোগ্রাফিক প্রতারণার আলামত হিসেবে গ্রেফতার আসামির থেকে একটি মোবাইল সেট এবং ওই সেটের মধ্যে সুরক্ষিত কিছু অশ্লীল ভিডিও, অশ্লীল ভিডিও সম্মলিত একটি মেমোরি কার্ড ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে সুধারাম থানায় পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।





