সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া (৭৬) আর নেই। গত বুধবার রাতে ঢাকার স্কয়ার হসপিটালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ছেলে সৈয়দ তানভির হোসেন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ জোহর ট্যাম্পাকো কোম্পানি লিমিটেড প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা আসরের নামাজের পর ঢাকার বনানীতে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক এমপি মকবুল হোসেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।